স্থানীয় সংবাদ

পাটকেলঘাটা ভূমি অফিসে দীর্ঘদিন এসিল্যান্ড না থাকায় জনদূর্ভোগের শেষ নেই

# ইউএনও গেলেন নড়াইলে #

হেলাল উদ্দীন, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ দেড় মাস আগে আব্দুল আহাদকে পদায়ন করা হয়েছিল, তিনি যোগদান করেননি। ৮ নভেম্বর নাজমুস সাকিবকে সাতক্ষীরার পাটকেলঘাটায় উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার হিসিবে পদায়ন করেছিল বিভাগীয় কমিশনার অফিস খুলনা। তবে তিনিও যোগদান করছেন না। তাকে ১০ নভেম্বর পূর্বের আদেশ বাতিল করে খুলনার দিঘলিয়া উপজেলায় পদায়ন করেছে কমিশনার অফিস।
গত জুলাই মাস থেকে এসিল্যান্ড পদ শুন্য থাকায় নামজারি কিংবা জমাভাগের কাজ শেষ করতে অপেক্ষার যেন শেষ নেই। কেউ পৈতৃক সম্পত্তি নিজের নামে রেকর্ড, কেউ জমি কেনার পর নামজারি করতে গিয়ে পড়েছেন অনিশ্চয়তায়। আবার কারও প্রয়োজন জমির সীমানা নির্ধারণ, কারও জরুরি শুনানি। এসব সেবা পেতে ভূমি অফিসে এসে বাড়তি ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
এসিল্যান্ড না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এতে উপজেলা প্রশাসনের নিয়মিত কাজের পাশাপাশি ভূমি প্রশাসনের দায়িত্বও সামলাতে হচ্ছে তাঁকে। ফলে ভূমিসেবার স্বাভাবিক কার্যক্রম ও সেবাপ্রত্যাশীদের ভোগান্তির হচ্ছেনা শেষ।
মানুষের সম্পত্তির অধিকার ও দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। নামজারির আবেদন নিষ্পত্তিতে বিলম্ব হলে জমির মালিকানা হালনাগাদ আটকে যায়। এর প্রভাব পড়ে জমি কেনাবেচা, ব্যাংকঋণ গ্রহণ ও উত্তরাধিকারসূত্রে সম্পত্তি হস্তান্তরসহ বিভিন্ন কাজে। একইভাবে জমাভাগ, আপত্তির শুনানি ও ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বিলম্ব হলে দীর্ঘায়িত হয় মানুষের ব্যক্তিগত ও পারিবারিক সম্পত্তিসংক্রান্ত জটিলতা।
নামজারি ও জমাভাগের আবেদন নিষ্পত্তি, শুনানি গ্রহণ, ভূমি উন্নয়ন কর আদায় তদারকি, সরকারি খাসজমি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ এবং ভূমিসংক্রান্ত অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এসিল্যান্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ পদে কর্মকর্তা না থাকলে এসব কার্যক্রমে সমন্বয় ও সিদ্ধান্ত গ্রহণে বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
জুজখোলা গ্রামের বাসিন্দা সাহাজুল ইসলাম জানান, তালা-পাটকেলঘাটার মতো বৃহত্তর (দুই থানা নিয়ে গঠিত) উপজেলায় সরকারি খাসজমি, জলাশয়, কৃষিজমি ও বিভিন্ন সম্পত্তির দখল নিয়ে বিরোধের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে নিয়মিত তদারকি ও দ্রুত প্রশাসনিক পদক্ষেপ জরুরি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদ শূন্য থাকলে মাঠপর্যায়ে নজরদারি ও অভিযোগ যাচাইয়ে সমস্যা তৈরি হতে পারে।
পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের শেখ আব্দুল খালেক জানান, ভূমিসংক্রান্ত মামলার শুনানি, আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতা, সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সংশি¬ষ্ট কর্মকর্তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই এসিল্যান্ডের অনুপস্থিতি শুধু একটি পদ শূন্য থাকার বিষয় নয়, এর প্রভাব পুরো ভূমি প্রশাসনের কার্যক্রমে পড়তে পারে।
সেবাগ্রহীতা মনিরুল ইসলাম জানান, জমির নামজারি ও প্রয়োজনীয় কাগজপত্রের কাজ নিয়ে তাঁকে ভূমি অফিসে আসতে হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট পদে কর্মকর্তা না থাকায় কাজের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। সময়মতো কাজ শেষ না হলে জমিসংক্রান্ত পরবর্তী কার্যক্রমেও সমস্যায় পড়তে হবে।
তিনি আরও বলেন, প্রত্যন্ত এলাকা থেকে ভূমি অফিসে আসতে যাতায়াত খরচ ও সময় দুটোই ব্যয় হয়। একদিনে কাজ শেষ না হলে আবার আসতে হয়। এতে আমাদের দুর্ভোগ বাড়ছে। দ্রুত নতুন এসিল্যান্ড পদায়ন করে ভূমিসেবার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সাবেক সহকারী কমিশনার (ভূমি) রাহাত খাঁন ২০২৫ সালের ১১ আগষ্ট পাটকেলঘাটায় যোগদান করেন। প্রায় এক বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ৩০ জুলাই তাঁকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়। গত ২৭ সেপ্টেম্বর বিভাগীয় কমিশনার অফিস খুলনা থেকে আব্দুল আহাদ কে পাটকেলঘাটায় পদায়ন করা হয়। কিন্তু অদৃশ্য কারণে আজ-অব্দি তিনি যোগদান না করিলে ৮ নভেম্বর নাজমুস সাকিবকে পদায়ন করা হয়। তিনিও যোগদান করছেন না বলে জানতে পেরেছি।
নতুন সহকারী কমিশনার (ভূমি) পদায়নের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানতে পারি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা নড়াইল জেলার এডিসি হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। অর্থাৎ এই উপজেলায় ইউএনও ও সহকারী কমিশনার ভূমি না থাকায় জনদূর্ভোগের শেষ নেই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button