খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা : এআই ক্যামেরার আওতায় আসছে পুরো শহর

# হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কেসিসি প্রশাসকের #
স্টাফ রিপোর্টার : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। চলন্ত মোটরসাইকেল থেকে ছোড়া বোমাটি ভবনের সামনের সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি, ক্ষয়ক্ষতিও হয়নি। এ ঘটনার পর পুরো খুলনা শহরকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের সামনের সড়ক থেকে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চলন্ত মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। বোমাটি ভবনের সামনের সিঁড়িতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। পরে নগর ভবনের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে টুটপাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট পৌঁছালেও ততক্ষণে আগুন নিভে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি ভবনের সিঁড়িতে পড়ে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে নগর ভবনের বিপরীতে শহীদ হাদিস পার্কের দেয়ালে লাল রঙের স্প্রে দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের নাম লেখা দেখা গেছে। তবে এ লেখার সঙ্গে পেট্রোল বোমা হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন ও হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সিটি করপোরেশন মানুষের কল্যাণ ও সেবার জন্য কাজ করে। এটি কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয়। এমন একটি সেবামূলক প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তাঁরা হতবাক। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
হামলার সম্ভাব্য কারণ সম্পর্কে মঞ্জু বলেন, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তাঁদের ঢাকায় ডেকে কথা বলেছেন। তাঁরা পরিস্থিতি তুলে ধরেছেন। তাঁর ধারণা, এ হামলার পেছনে দুটি কারণ থাকতে পারে। একটি হলো, রাজনৈতিক উদ্দেশ্যে জাতীয় পর্যায়ে সংবাদ শিরোনাম তৈরি করে আতঙ্ক ছড়ানো। অন্যটি হলো, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তাদের প্রতিক্রিয়া। তবে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তিনি বলেন, বোমাটি নগর ভবনের সিঁড়িতে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এটি সাধারণ মানুষের ওপর পড়লে প্রাণহানিসহ বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত। তাই ঘটনাটিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। নগরীর নিরাপত্তা জোরদারে পুরো খুলনা শহরকে এআই প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে কেসিসি প্রশাসক বলেন, এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। দুই সংস্থা যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। এসব ক্যামেরার মাধ্যমে ব্যক্তি, গাড়ি ও ইজিবাইক শনাক্ত করে অপরাধীদের অবস্থান দ্রুত নির্ণয় ও গ্রেপ্তার করা সম্ভব হবে।
মঞ্জু আরও বলেন, হামলার পর পুলিশ কমিশনারের সঙ্গে তাঁর কথা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং কিছু তথ্য সংগ্রহ করেছে। শিগগিরই হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার। কেসিসিও বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করবে।
নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মানুষকে জিম্মি করে কোনো রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন কিংবা অবৈধ অর্থ উপার্জনের সুযোগ দেওয়া হবে না। প্রধানমন্ত্রী খুলনাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। অপরাধে রাজনৈতিক কর্মীরা জড়িত থাকলেও তাঁদের ছাড় দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।



