কুয়েটে শিক্ষার্থীকে কক্ষে ঢুকে মারধর : বাম চোখে গুরুতর আঘাত

স্টাফ রিপোর্টার : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হলের কক্ষে ঢুকে নাজমুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। বিভাগের এক বন্ধুর সঙ্গে কথা-কাটাকাটির জেরে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এতে তাঁর বাম চোখ গুরুতর আহত হয়েছে। রোববার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে। আহত নাজমুল কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী। নাজমুলের অভিযোগ, বিভাগের এক বন্ধুর সঙ্গে ল্যাবে তাঁর কথা-কাটাকাটি হয়। এর জেরে ওই শিক্ষার্থীসহ ১৫ থেকে ২০ জন তাঁর কক্ষে গিয়ে মারধর করেন। একপর্যায়ে বাম চোখে ঘুষি মারা হলে চোখ দিয়ে রক্ত ঝরতে থাকে। আঘাতে তিনি মেঝেতে পড়ে গেলেও জ্ঞান হারাননি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগের হাসান তৌফিক নামে এক শিক্ষার্থীর সঙ্গে বিরোধের সূত্র ধরে এ ঘটনার শুরু। পরে হাসান তৌফিক নাজমুলের কক্ষে গিয়ে চিৎকার-চেঁচামেচি করেন এবং তাঁকে ক্ষমা চাইতে বলেন। এ সময় নাজমুল কক্ষের দরজা না খুলে নামাজ পড়ছিলেন। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী সেখানে গিয়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। নাজমুলের রুমমেট মাহিন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি সবাইকে নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে চলে যেতে বলেন। তবে এর মধ্যেই কয়েকজন কক্ষে প্রবেশ করেন। কথাবার্তার একপর্যায়ে তাঁরা নাজমুলকে মারধর শুরু করেন। পরে রুমমেট ও অন্য শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে নিয়ে যান। সেখান থেকে কক্ষে ফিরে গেলেও চোখের আঘাত নিয়ে উদ্বেগ দেখা দেয়। চোখের ভেতরে কোনো ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হতে রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ কার্যালয়ের উপপরিচালক রাজন কুমার রাহা বলেন, তিনি নাজমুলকে দেখতে গিয়েছিলেন। তাঁর চোখের পাতার ওপর কয়েকটি স্থানে কেটে গেছে। চোখের ভেতরে কোনো আঘাত লেগেছে কি না, তা পরীক্ষা করতে তাঁকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। ঘটনার আগে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল জানিয়ে রাজন কুমার রাহা বলেন, বিকেলে বিভাগীয় প্রধান তাঁদের দুজনের মধ্যে বিরোধের বিষয়টি জানতে পেরে ডেকেছিলেন। পরদিন বিষয়টি দেখে সমাধানের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু তাঁর সঙ্গে কথা বলার আগেই তাঁরা মারামারিতে জড়িয়ে পড়েন। এ ঘটনায় বিভাগীয় প্রধান সম্ভবত ছাত্রকল্যাণ পরিচালকের দপ্তরে (ডিএসডব্লিউ) অভিযোগ জানাতে বলেছেন। তিনিও বিষয়টি ডিএসডব্লিউকে জানিয়েছেন বলে জানান রাজন কুমার রাহা। এ বিষয়ে জানতে লালন শাহ হলের প্রভোস্ট শরিফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বাইরে আছেন জানিয়ে ছাত্রবিষয়ক পরিচালকের সঙ্গে কথা বলতে বলেন।



