স্থানীয় সংবাদ

আজমুল হত্যা: পাঁচ আসামি গ্রেপ্তার, এজাহারভুক্ত চারজন এখনো অধরা

# জামিনে এক আসামি, ক্ষুব্ধ নিহতের পরিবার #

স্টাফ রিপোর্টার : খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন (আযম) হত্যা মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার হলেও এজাহারভুক্ত চার আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। গত ৩০ সেপ্টেম্বরের পর থেকে নতুন করে আর কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে গ্রেপ্তার পাঁচ আসামির সবাই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে দাবি করেছে বাদীপক্ষ। তাঁদের একজন অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে বিলম্ব এবং একজনের জামিনে ক্ষোভ প্রকাশ করে দ্রুত সব আসামিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুল হাসান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আজমুলকে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁর মাথার সামনের অংশের চুল কেটে চেহারা বিকৃত করা হয়। পরে মারধর করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের বাবা কুতুব উদ্দিন হরিণটানা থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
কাজী নাজমুল হাসান বলেন, এ ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামিই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপরও গত ৩০ সেপ্টেম্বরের পর নতুন করে আর কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। গত ১৫ নভেম্বর মো. সুমন ইসলাম ও শেখ আসিফ হাসানের জামিনের আবেদন করা হলে বাদীপক্ষের বিরোধিতায় আদালত তা নামঞ্জুর করেন। সোমবার হাজতি আসামি তারেক হাসান রুবেলের জামিন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের সময়ের আবেদনে শুনানি মুলতবি করা হয়। তিনি আরও বলেন, জামিনে থাকা আসামির মুক্ত অবস্থায় থাকা মামলার তদন্ত ও সাক্ষীদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই তাঁর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
সংবাদ সম্মেলনে মোবাইল ফোনে যুক্ত হয়ে নিহতের বাবা কুতুব উদ্দিন বলেন, ছেলের হত্যার বিচার পাওয়া নিয়ে তাঁরা হতাশায় রয়েছেন। এজাহারভুক্ত আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি অভিযোগ করেন, ছেলেকে দাফনের পরদিন মেহেদি নামের এক ব্যক্তি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাঁর ছেলের কাছ থেকে ২৩ হাজার টাকা নিয়েছিলেন বলে জানতে পারেন। বিষয়টি পুলিশকে জানানোর পরও ওই ব্যক্তির নাম এজাহারে ছিল না। পরে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আসামির তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়।
কুতুব উদ্দিন প্রশ্ন তুলে বলেন, একজন আসামি হত্যাকা-ে সম্পৃক্ততার কথা স্বীকার করার পরও অন্যরা কেন গ্রেপ্তার হচ্ছেন না? কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ছেলেকে তো আর ফিরে পাব না। কিন্তু যারা আমার ছেলেকে এভাবে হত্যা করেছে, তাদের বিচার চাই।’ এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সাংবাদিকদেরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, এসআরবি, ডিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট আসামিদের গ্রেপ্তারে কাজ করছে। আসামিদের গ্রেপ্তার করা চ্যালেঞ্জিং হলেও সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। অতি শিগগিরই পলাতক আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে কাজী নাজমুল হাসান আরও বলেন, তাঁরা প্রতিশোধ নয়, ন্যায়বিচার চান। কোনো প্রভাবের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে। এ জন্য সাক্ষ্য-প্রমাণ ও সিসিটিভি ফুটেজ যথাযথভাবে বিশ্লেষণ করে নির্ভুল অভিযোগপত্র দাখিল এবং হত্যাকা-ে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button