যশোরে সন্ত্রাসী জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোর চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের ইলিশমারি গ্রামে ছোট মেয়ের বিয়েতে বড় মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের মারধরে গুরুতর আহত মোতালেব হোসেন (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত মোতালেব হোসেন ওই উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ইলিশমারি গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত জামাতা আনোয়ার হোসেন (৩৫) একই উপজেলার বাদেখানপুর গ্রামের আনসার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ১৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মেয়েকে আনতে জামাতার বাড়ি বাদেখানপুর গ্রামে যান মোতালেব। সেখানে সামন্য বিষয় নিয়ে জামাতা আনোয়ারের সঙ্গে মোতালেব হোসেনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আনোয়ার মেহগনি গাছের ডাল দিয়ে মোতালেবের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকায় পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে স্বজনেরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

