স্থানীয় সংবাদ

শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি চরম ক্ষতির শঙ্কায় কৃষক পরিবার

ওহিদুল ইসলাম (বেনাপোল) প্রতিনিধি ঃ ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে যশোরের শার্শা উপজেলার কৃষিতে দেখা দিয়েছে বিপর্যয়ের আশঙ্কা। গত ২৪ ঘণ্টার অব্যাহত বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার মাঠে জমেছে পানি। এতে পাকা আমন ধান ও শীতকালীন সবজির খেত ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মাঠে কেটে রাখা ভেজা ধান ঘরে তুলতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অন্যদিকে বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দিনমজুর, ভ্যানচালকসহ নি¤œ আয়ের মানুষ। শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে নিচু জমিগুলোতে পানি জমেছে। কোথাও কোথাও ধান ও সবজির খেত পানিতে তলিয়ে গেছে। মাঠে কেটে রাখা পাকা আমন ধান বৃষ্টির পানিতে ভিজে আছে। রোদ না থাকায় এসব ধান শুকানো সম্ভব হচ্ছে না। ফলে ধানের গুণগত মান নষ্ট হওয়া ও পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এদিকে শীতকালীন সবজির খেত নিয়েও উদ্বেগ বাড়ছে। শিম, মুলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ও বেগুনসহ বিভিন্ন সবজির জমিতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাওয়া এবং ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে কৃষকদের লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শার্শা উপজেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে উপজেলার সব এলাকায় পানি না জমলেও নি¤œাঞ্চলের কিছু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মাঠে কেটে রাখা আমন ধান এবং নিচু জমির সবজি আবাদ ঝুঁকির মুখে পড়েছে। উপজেলার লক্ষণপুর গ্রামের কৃষক রওশন আলী বলেন, ‘জমির ধান কেটে মাঠে রেখেছি। কিন্তু টানা বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। রোদ না উঠলে ধান শুকিয়ে ঘরে তোলা সম্ভব হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হয়ে বড় ধরনের লোকসানে পড়তে হবে। আবার মাঠে অনেক কৃষকের পাকা ধান এখনো কাটার অপেক্ষায় রয়েছে। বাগআঁচড়া এলাকার কৃষক রবিউল ইসলাম জানান, ‘দুই বিঘা জমিতে বাঁধাকপি এবং সাড়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছি। বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এভাবে পানি জমে থাকলে বাঁধাকপির গাছ নষ্ট হয়ে যেতে পারে। সময়মতো সবজি বিক্রির উপযোগী না হলে বড় ক্ষতির মুখে পড়তে হবে। শুধু কৃষক নয়, টানা বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে নি¤œ আয়ের মানুষেরও। ভ্যানচালক ও শ্রমজীবী ইউসুফ ও মোহাম্মদ আলী বলেন, অব্যাহত বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। বৃষ্টির কারণে ভ্যান নিয়ে বের হওয়া এবং দিনমজুরদের কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে দৈনন্দিন আয় বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন তাঁরা। এ বিষয়ে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, ‘বর্তমানে মাঠে আমন ধান পেকে গেছে। অনেক কৃষক ধান কেটে ঘরে তুলেছেন, আবার অনেকে কেটে মাঠে রেখেছেন। গত ২৪ ঘণ্টার বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। তবে জমিতে ধানের গোড়ায় অতিরিক্ত পানি জমে না থাকলে ধানের তেমন ক্ষতির আশঙ্কা নেই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button