দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ : এলাকায় আতঙ্ক

স্টাফ রিপোর্টার ঃ খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ভোররাতে উপজেলার সেনহাটী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাগর জুট স্পিনিং মিলের আবাসিক-০২ এলাকার তিন রাস্তার মোড়ে এ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের মানুষের ঘুম ভেঙে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ফজরের নামাজের আগে দুর্বৃত্তরা তিন রাস্তার মোড়ে ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে। বিস্ফোরণের শব্দ শুনে ঘুম থেকে উঠে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ধোঁয়া দেখতে পান। পরে তাঁরা দিঘলিয়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী বলেন, জর্দার কৌটার মতো দেখতে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।



