স্থানীয় সংবাদ

পদ্মা সেতু দিয়ে বাস চলাচল শুরু : যাত্রীদের মনে এখনো আতঙ্ক

স্টাফ রিপোর্টার : নিরাপত্তার শঙ্কায় বন্ধ থাকা খুলনা-ঢাকা রুটের দূরপাল্লার বাস পদ্মা সেতু হয়ে আবারও চলাচল শুরু করেছে। শুক্রবার ভোর থেকে বাসগুলো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে খুলনা ছেড়ে যাচ্ছে। তবে বাস চলাচল স্বাভাবিক হলেও গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া এলাকায় নাশকতার আশঙ্কায় যাত্রীদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। এদিকে শুক্রবার বাস চলাচলের পথে কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে বুধবার রাত থেকে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবহনগুলো গোপালগঞ্জের সড়ক এড়িয়ে যশোর-মাগুরা হয়ে ঢাকায় চলাচল করে। এ সময় সন্ধ্যা থেকেই খুলনার বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। পরে পরিস্থিতি বিবেচনায় শুক্রবার থেকে আবারও গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে বাস চলাচল শুরু হয়।
ইমাদ পরিবহনের ম্যানেজার জাকির হোসেন জানান, শুক্রবার ভোর সাড়ে ৩টায় প্রথম বাসটি ছেড়ে গেছে। এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন রুটে বাস চলাচল করছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নাশকতার আশঙ্কা থাকায় যাত্রীর সংখ্যা কিছুটা কম।
খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সহসভাপতি রাহুল চিশতি জানান, শুক্রবার থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বিশেষ করে পদ্মা সেতু হয়ে সব পরিবহন নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। যদিও যাত্রীর সংখ্যা কিছুটা কম। পথে সহিংসতার আশঙ্কায় কয়েকজন পরিবহন মালিক বাস ছাড়ার বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। তবে অন্যান্য পরিবহন স্বাভাবিকভাবে চলাচল করায় তারাও বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এনা পরিবহনের টিকিট বিক্রেতা নাজমুস সাদাত বলেন, বুধবার বাস চলাচল বন্ধ থাকার পর শুক্রবার সকালে অল্পসংখ্যক গাড়ি গোপালগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে দুপুরের পর থেকে ওই রুটে বাস চলাচল স্বাভাবিক হয়ে আসে।
সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা আব্দুল হান্নান বলেন, সকাল থেকেই তাঁদের গাড়িগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে। সড়কে কোনো সমস্যা নেই। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাসগুলো গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাচ্ছে।
এদিকে বাস চলাচল শুরু হলেও যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। খুলনায় গত রোববার ইমাদ পরিবহনে ঢাকা থেকে আসা যাত্রী জাহাঙ্গীর হোসেন বলেন, ব্যক্তিগত কাজ শেষে ১৯ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ভাঙচুর ও নাশকতার ঘটনার পর ওই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনে করে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিলে জানতে পারেন, খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। বাধ্য হয়ে কয়েক দিন হোটেলে অবস্থান করেন তিনি। শুক্রবার সকালে বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে পথে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া এলাকায় বাস নাশকতার শিকার হতে পারেÑএমন আশঙ্কায় মনে আতঙ্ক কাজ করছে বলে জানান তিনি।
বাস চলাচল স্বাভাবিক হলেও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। ফলে সড়কে বাসের চাকা গড়ালেও যাত্রীদের মনে এখনো রয়ে গেছে আতঙ্ক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button