স্থানীয় সংবাদ

আ.লীগের লকডাউন কর্মসূচি: পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার ঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন অধিকাংশ পরিবহন মালিক। শনিবার (২৮ নভেম্বর) বিকেল থেকেই এ রুটে বাস চলাচল বন্ধ হতে শুরু করেছে। তবে বিকল্প পথে আড়িচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।
খুলনা ইমাদ পরিবহনের ম্যানেজার মো. জাকির হোসেন শনিবার বিকেলে জানান, পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বিকেল ৫টা থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। লকডাউন কর্মসূচির ঘোষণায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, শনিবার দুপুরে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাদের একটি বাস বিকেলে পথে আটকে পড়েছিল। তবে বর্তমানে বাসটির কী অবস্থা, তা নিশ্চিত হওয়া যায়নি। কবে নাগাদ আবার এ রুটে বাস চলাচল শুরু হবে, সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে, খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ম্যানেজার মো. কাদের জানান, শনিবার সকাল থেকে তাঁরা এ রুটে বাস চলাচল করেছেন। তবে সন্ধ্যার পর পরিস্থিতি বিবেচনা করে এ রুটে বাস চলাচল অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
খুলনা বাস টার্মিনালের একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচির ঘোষণার পর শনিবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে নতুন করে কোনো টিকিট বিক্রি করেননি সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান সন্ধ্যা পৌনে ৬টার দিকে জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা বিবেচনা করে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প হিসেবে খুলনা থেকে আড়িচা ঘাট হয়ে ঢাকার উদ্দেশে বাস চলাচল করবে। তিনি আরও বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটে বাস চলাচল অব্যাহত থাকবে। এ বিষয়ে সন্ধ্যায় একটি সভা আহ্বান করা হয়েছে। তবে আপাতত গোপালগঞ্জ রুটে কোনো বাস চলাচল করবে না বলে নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।

 

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button