স্থানীয় সংবাদ

নান্দনিক নকশায় নির্মিত হচ্ছে ভৈরব সেতু : ২০২৯ সালে চলাচলের আশা

# দিঘলিয়ার সঙ্গে খুলনা শহরের যোগাযোগে খুলবে নতুন দিগন্ত # ব্যয় বাড়ছে ৫০ কোটি টাকা # ৫ বছর ৬ মাসে ভৌত কাজের অগ্রগতি প্রায় ২০ শতাংশ #

এম রুহুল আমিন ঃ খুলনার দ্বীপ উপজেলা দিঘলিয়াকে নগরীর সঙ্গে সরাসরি যুক্ত করতে ভৈরব নদের ওপর নির্মাণাধীন ভৈরব সেতুর নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। দৃষ্টিনন্দন আর্চ টাইপের স্টিল স্প্যান, স্বল্পগতির যানবাহনের জন্য পৃথক লেন এবং যানজট নিরসনে আধুনিক সংযোগ সড়কসহ সেতুটিকে নান্দনিক ও আধুনিক অবকাঠামো হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সবকিছু ঠিক থাকলে ২০২৯ সালের মধ্যে সেতু ও সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে আশা করছে প্রকল্প কর্তৃপক্ষ। এ লক্ষ্যে সরকারের কাছে প্রকল্পের মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত বাড়ানোর আবেদন করা হচ্ছে। ইতোমধ্যে ভৈরব সেতুর নতুন নকশার আদলে একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করা হয়েছে, তাতে দেখা যায় অপূর্ব সুন্দর নান্দনিক নকশায় এপ্রোস সড়কটি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।
সেতুটি নির্মিত হলে দিঘলিয়া উপজেলার সঙ্গে খুলনা শহরের দীর্ঘদিনের যোগাযোগ সংকট অনেকটাই দূর হবে। পাশাপাশি কালিয়া ও আশপাশের এলাকার মানুষও সহজে খুলনা শহরে যাতায়াত করতে পারবেন। সংশ্লিষ্টদের দাবি, ভবিষ্যতে দিঘলিয়া হয়ে ঢাকাগামী যাতায়াতের দূরত্ব প্রায় ৪৮ কিলোমিটার কমানোর সম্ভাবনাও তৈরি হবে। প্রকল্প সূত্রে জানা যায়, ২০১৭ সালে প্রণীত মূল নকশায় ভৈরব নদের ওপর ১০০ মিটার দীর্ঘ স্টিল স্প্যানের দুই লেনের সেতু নির্মাণের পরিকল্পনা ছিল। ওই নকশায় স্বল্পগতির যানবাহন ও পথচারীদের জন্য পৃথক লেনের ব্যবস্থা ছিল না। ফলে ভবিষ্যতে যানবাহনের চাপ বাড়লে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০২২ সালের নকশায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। নতুন নকশা প্রণয়য় করে ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশলীদের। পরিবর্তিত নকশায় নদীর ওপর মূল সেতুর স্টিল স্প্যানের দৈর্ঘ্য ১০০ মিটার থেকে বাড়িয়ে ১৬০ মিটার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেতুর মাঝখানে বসানো হবে ধনুকের মতো বাঁকানো আর্চ টাইপের স্টিল স্প্যান। দেখতে অনেকটা ঢাকার হাতিরঝিলের সেতুর আদলে হবে এটি। আগের নকশায় সেতুর প্রশস্ততা ৭ দশমিক ৩ মিটার থাকলেও নতুন নকশায় তা বাড়িয়ে ১০ দশমিক ৩ মিটার করা হচ্ছে। যুক্ত করা হচ্ছে স্বল্পগতির যানবাহনের জন্য পৃথক লেন। এতে ভ্যান, রিকশা, ইজিবাইকসহ ধীরগতির যানবাহন এবং পথচারীদের চলাচল আরও নিরাপদ হবে।
নতুন নকশার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা রক্ষা। আগের নকশায় নদীর মধ্যে দুটি পিয়ার রাখার পরিকল্পনা থাকলেও পরিবর্তিত নকশায় নদীর মূল প্রবাহের মধ্যে কোনো পিয়ার রাখা হচ্ছে না। এতে নদীতে পলি জমে নাব্যতা কমে যাওয়ার আশঙ্কা কমবে এবং ভবিষ্যতে ড্রেজিংয়ের পেছনে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয়ও এড়ানো সম্ভব হবে। এ ছাড়া সেতুর ২৮টি পিয়ারের মধ্যে সাতটির আরসিসি নকশার পরিবর্তে স্টিল গার্ডার ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে রেললাইনের ওপর ছয়টি পিয়ারে স্টিল স্ট্রাকচার স্প্যান বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর দুই প্রান্তের ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর পিয়ারের নকশাতেও সংশোধন আনা হয়েছে। এদিকে সেতুর সংযোগ সড়ককে যানজটমুক্ত রাখতে দৌলতপুর অংশে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সওজ। এপ্রোস সড়কে দুটি ইউটার্ন ও গোলচত্বর রাখার পরিকল্পনা করা হয়েছে। এতে যশোরমুখী ও খুলনামুখী যানবাহন পৃথকভাবে চলাচল করতে পারবে। সেতুতে ওঠা ও নামার সময় মহাসড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই সংযোগ সড়কের নকশা তৈরি করা হয়েছে। পাশাপাশি অ্যাপ্রোচ সড়ক, সার্ভিস সড়ক, আরসিসি বক্স কালভার্ট, ড্রেন, কংক্রিটের ঢাল এবং দুটি ইন্টারসেকশন নির্মাণ করা হবে। সংযোগ সড়কের দুই পাশে বৃক্ষরোপণেরও পরিকল্পনা রয়েছে। তবে দৃষ্টিনন্দন ও আধুনিক সেতু নির্মাণের পরিকল্পনার বিপরীতে প্রকল্পের বাস্তব অগ্রগতি নিয়ে রয়েছে নানা প্রশ্ন। প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, দীর্ঘ সময় পার হলেও নির্মাণকাজের গতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। প্রকল্প সূত্রে সর্বশেষ অগ্রগতি অনুযায়ী, ভৌত কাজের অগ্রগতি প্রায় ২০ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ১৬ দশমিক ৭২ শতাংশ। সেতুর ২৮টি পিয়ার ক্যাপের মধ্যে ১০টির কাজ শেষ হয়েছে। শহর অংশের কয়েকটি পিয়ারের কাজ চললেও দিঘলিয়া ও রেলিগেট অংশে কাজের গতি নিয়েও প্রশ্ন রয়েছে। মূল সেতুর পিয়ার ও কলামের ক্যাপ নির্মাণের বাইরে অ্যাপ্রোচ সড়ক, সার্ভিস সড়ক, বক্স কালভার্ট, ড্রেন, কংক্রিটের ঢাল ও দুটি ইন্টারসেকশনের কাজ এখনো শুরু হয়নি বলে প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জমি বুঝিয়ে দেওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে প্রত্যাশিত গতি না আসায় স্থানীয়দের মধ্যে হতাশা বাড়ছে। নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি ও জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতাকে কাজের ধীরগতির কারণ হিসেবে দেখাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতু নির্মাণের জন্য আগে ভেঙে ফেলা দুটি মসজিদ ও একটি ঈদগাহ নতুন করে নির্মাণের বিষয়টিও প্রকল্প সংশোধনের আওতায় আনা হচ্ছে। তবে নতুন নকশায় একটি মসজিদ আগের জায়গায় রেখেই পিয়ার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট পিয়ারের নকশায়ও পরিবর্তন আনা হচ্ছে। দিঘলিয়া অংশে একটি নতুন মসজিদ, ঈদগাহ এবং দৃষ্টিনন্দন টোল প্লাজা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের ব্যয়ও বাড়ছে। আগে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৬১৭ কোটি টাকা। নতুন নকশা ও অতিরিক্ত অবকাঠামোগত কাজ যুক্ত হওয়ায় ব্যয় বেড়ে প্রায় ৬৬৭ কোটি টাকা হওয়ার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ ব্যয় বাড়ছে প্রায় ৫০ কোটি টাকা। এ ছাড়া নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান করিম কনস্ট্রাকশন গ্রুপ ১০ শতাংশ প্রাইস অ্যাডজাস্টমেন্টের আবেদন করেছে। বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রকল্প সূত্রে আরও জানা যায়, ২০২১ সালের ২৪ মে দিঘলিয়া প্রান্তে সরকারি খাসজমিতে ২৪ নম্বর পিলারের টেস্ট পাইলিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভৈরব সেতুর নির্মাণকাজ শুরু হয়। কয়েক দফা সময় বৃদ্ধি করা হলেও প্রকল্পের কাজ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। বর্তমানে প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারিত রয়েছে। নতুন নকশা অনুমোদন, প্রকল্প সংশোধন ও ব্যয় বৃদ্ধির বিষয়গুলো নিষ্পত্তি করে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও ভৈরব সেতু প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মো. তানিমুল হক বলেন, ‘সেতুটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি খুলনার জন্য একটি দৃষ্টিনন্দন স্থাপনাও হবে। নতুন নকশায় স্বল্পগতির যানবাহনের জন্য পৃথক লেন রাখা হয়েছে। সংযোগ সড়কে দুটি ইউটার্ন ও গোলচত্বর থাকায় যানজটের আশঙ্কাও কমবে। সেতুটি নির্মিত হলে খুলনা থেকে ঢাকাগামী যাতায়াতে প্রায় ৪৮ কিলোমিটার দূরত্ব কমানোর সম্ভাবনা রয়েছে। নতুন নকশায় অতিরিক্ত কাজ যুক্ত হওয়ায় ব্যয় প্রায় ৫০ কোটি টাকা বাড়ছে। নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।’ ঠিকাদারি প্রতিষ্ঠান প্রয়োজনীয় সহযোগিতা পেলে এবং প্রকল্পের সংশোধন ও মেয়াদ বৃদ্ধির অনুমোদন পাওয়া গেলে ২০২৯ সালের মধ্যে সেতু ও সংযোগ সড়কের কাজ শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে ‘ তিনি আরও বলেন, ‘নদীর মধ্যে পিয়ার নির্মাণ করা হলে পলি জমে নাব্যতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে ভবিষ্যতে সরকারকে ড্রেজিংয়ের পেছনে বিপুল অর্থ ব্যয় করতে হবে। সে বিষয়টি বিবেচনা করেই নতুন নকশায় নদীর মধ্যে কোনো পিয়ার রাখা হচ্ছে না। ১৬০ মিটার দীর্ঘ স্টিল আর্চ স্প্যান নির্মাণ করা হবে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন গ্রুপের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ শামীম আহম্মেদ জানান, ইতোমধ্যে ভৈরব সেতু প্রকল্পের নতুন নকশা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। নকশাটি অনুমোদনের জন্য সেতু পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদিত নকশা হাতে পেলেই নির্মাণকাজ শুরু করা হবে। এদিকে দিঘলিয়া দ্বীপের সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও সহজ করতে আতাই নদীর ওপর আরেকটি সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলছে। সমীক্ষা শেষ হলে প্রকল্প প্রণয়ন করে দরপত্র আহ্বাবানের উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্টদের মতে, আতাই নদীর ওপর সেতুটি নির্মিত হলে খুলনা থেকে ঢাকাগামী যাতায়াতের দূরত্ব আরও কমানোর সুযোগ তৈরি হবে। সচেতন মহলের মতে, ভৈরব সেতু খুলনার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। তবে শুধু নান্দনিক নকশা ও বড় বাজেট নয়, সময়মতো নির্মাণকাজ শেষ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বারবার মেয়াদ বাড়ানোর পরও কাজের দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা পূরণ করতে না পারলে সরকারের ব্যয় আরও বাড়বে। তাই দ্রুত নকশা অনুমোদন, প্রকল্প সংশোধন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে গতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button