সাবেক সচিব শাহ কামালসহ ৩জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রবাহ রিপোর্ট : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালসহ তিন জনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার (১৯ আগস্ট) কমিশনের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সাবেক সচিব শাহ কামাল চাকরিজীবনে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ, ঘুষ ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকা এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে গতকাল সোমবার থেকে প্রকাশ্য অনুসন্ধান শুরু করা হয়। মো. আকতারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং তার পিএস ডা. রাসেল ও তাদের সহযোগীদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১০০ কোটি টাকা ঘুষ আদায়, যোগ্যতার ঘাটতি নিয়ে ভূতাপেক্ষ পদোন্নতি, উচ্চতর শিক্ষা গ্রহণে অনিয়মের আশ্রয়, নিয়ম বহির্ভুতভাবে পরিবারের সদস্যদের নিয়োগ দেওয়া, অনৈতিক অর্থ উত্তোলন, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যদিকে চট্টগ্রামের মুসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়, কাস্টমস হাউজের দ্বিতীয় সচিবের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


