জাতীয় সংবাদ

বন্যার্তদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রেসকিউ ও ত্রাণ বিতরণ’ কর্মসূচি

প্রবাহ রিপোর্ট : নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। সারা দেশে রেসকিউ অপারেশন ও ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করবে তারা। গত বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেওয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট ও খাগড়াছড়িসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়েছে। একই সঙ্গে, দেশের উত্তরাঞ্চলেও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সারা দেশে রেসকিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে। নিজ নিজ এলাকায় স্বেচ্ছাসেবী দল গঠনের আহ্বান জানিয়ে এতে আরও বলা হয়, এই কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ একটি পাবলিক ফান্ড রেইজিং উদ্যোগ শুরু করছে। সব ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ভলান্টিয়ারদের আহ্বান জানানো হচ্ছে, আপনারা নিজ নিজ জেলা-উপজেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠন করুন। কেন্দ্রীয় প্রতিনিধি দল আপনাদের সাথে সমন্বয় করে বন্যাকবলিত এলাকার মানুষদের জন্য রেসকিউ অপারেশন ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে। এতে নির্দেশনা দিয়ে বলা হয়, নিজ নিজ এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য একাধিক হটলাইন নম্বর চালু করুন এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুন। নিকটস্থ নিরাপদ আশ্রয়স্থলগুলো চিহ্নিত করে তা সংশ্লিষ্ট এলাকার মানুষদের জানিয়ে দিন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button