জাতীয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল কারণ ছিল ঘুষ-দুর্নীতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবাহ রিপোর্ট : ঘুষ, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি। এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। গতকাল সোমবার সকালে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘুষ খাওয়া চলবে না। যেভাবেই হোক ঘুষ বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই। কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তিনি এ সময় কারা কর্মচারীদের ব্যক্তিগত ডোসিয়ার, শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। কারা কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগারের নিরাপত্তা বিধান করা আপনাদের মূল দায়িত্ব। ঘুষ না নিয়ে আপনাদের সম্মান পুনরুদ্ধার করুন। ঘুষ ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করে। উপদেষ্টা এ সময় কারা কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা শোনেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান জানান, মতবিনিময় অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ কারা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button