সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যাতি ৪ দিনের রিমান্ডে

প্রবাহ রিপোর্ট : ঢাকার আশুলিয়া থানার এক হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার বিকেলে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আবু তাহের মিয়া। সেই আবেদনের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন। এর আগে গত শুক্রবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে জ্যোতিকে ঢাকা জেলা পুলিশ গ্রেপ্তার করে বলে জানান পুলিশ সুপার আহম্মদ মুঈদ। গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে রবিউল সানি নামে এক ব্যক্তি বাদী হয়ে আশুলিয়া থানায় এ মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি হলেন জ্যোতি।


