বিদেশি পিস্তলসহ আনোয়ার গ্রুপের সদস্য গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অভিযান চালিয়ে মোঃ রাকিব হোসেন (২৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার রাকিব অস্ত্রধারী সন্ত্রাসী আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্য। গত রোববার বিকেল ৫টার দিকে কড়াইল বস্তির জামাইবাজার মাটির রাস্তা সংলগ্ন নিজ বসতঘরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। গতকাল সোমবার র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কড়াইল বস্তি এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্য রাকিব দীর্ঘদিন ধরে বনানীর এলাকার কড়াইল বস্তিতে মাদক ব্যবসাসহ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর একটি আভিযানিক দল রাকিবের কার্যক্রম এবং গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি শুরু করে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কড়াইল বস্তিতে জামাই বাজার এলাকায় নিজ বাসায় রাকিব আনোয়ার গ্রুপের কয়েকজন সদস্যসহ অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে বসতঘরের সামনে থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিবের নামে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

