জাতীয় সংবাদ

সাংবাদিক শাকিল ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে

# পৃথক দুই হত্যা মামলায় #

প্রবাহ রিপোর্ট : বৈষম্যবিরোধী আন্দোলন-কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত তাদের গ্রেপ্তার দেখান। এর আগে এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। শুনানির এক পর্যায়ে ফারজানা রূপা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান। এসময় আদালতের উদ্দেশে তিনি বলেন, ‘আমার পক্ষে কথা বলার জন্য আইনজীবী নেই। আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারবো?’ এসময় বিচারক বলেন, ‘এখানে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না।’ এরপরও ফারজানা রূপা বলেন, ‘মামলা তো ডজন-খানেক গড়াচ্ছে। আমি একজন সাংবাদিক। আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই যথেষ্ট। পরে বিচারক গ্রেপ্তার শুনানির দিকে মনোযোগী হন। শুনানি শেষে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন। কাঠগড়ায় থাকাবস্থায় শাকিল ও ফারজানা একে অপরের সাথে দীর্ঘ আলাপচারিতা করেন। এদিকে যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলার মধ্যে একটি শাকিল, ফারজানাসহ ঢাকার উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানো হয়। অপর মামলায় তাদের দুজনসহ সাবেক মন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়। এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button