নারী নির্যাতন প্রতিরোধ হটলাইনে একদিনে শতাধিক অভিযোগ

প্রবাহ রিপোর্ট : নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হটলাইন সেবা চালু করেছে পুলিশ সদরদপ্তর। এই সেবায় একদিনে ১০৩টি অভিযোগ গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স গত সোমবার বিকেল ৪টা থেকে হটলাইন চালু করে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১০৩টি অভিযোগ গৃহীত হয়েছে। এসব অভিযোগের যেসব ক্ষেত্রে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সে ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ওসিদের তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিকার প্রয়োজন হয়নি সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে। গৃহীত ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ অপ্রাসঙ্গিক। যেমন- কারও টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি। তবে হটলাইন নম্বরগুলোতে ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২ অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর।


