জাতীয় সংবাদ

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিলো দুর্বৃত্তরা

প্রবাহ রিপোর্ট : রাজশাহীতে হাসান আলী (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েও আহত করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত হাসান আলী রাজশাহী মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি নগরীর বুধপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম হাসমত আলী। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস জানান, হাসান আলীর ডান গাল ও ডান হাতের দুই জায়গায় গভীর আঘাত রয়েছে। ডান হাতের কবজির রগ কেটে গেছে। এ ছাড়া একটি কান কেটে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলছে। রাজশাহী নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, ঘটনার সময় হাসান আলী নিজের বাড়িতেই ছিলেন। সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওসি আব্দুল মালেক আরও জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। তবে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button