জাতীয় সংবাদ

রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

প্রবাহ রিপোর্ট : সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করে রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান জানান, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই প্রতœতাত্ত্বিক স্থাপনাটি সরাসরি প্রতœতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে কাছারিবাড়িতে ভাঙচুরের ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত ৮ জুন শাহনেওয়াজ নামে এক দর্শনার্থী পরিবারসহ কাছারিবাড়ি পরিদর্শনে গেলে মোটরসাইকেল পার্কিং নিয়ে এক কর্মচারীর সঙ্গে তার বাকবিত-া হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। শাহনেওয়াজ অভিযোগ করেন, তাকে অডিটোরিয়ামের ভেতরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার ‘শাহজাদপুরের সর্বস্তরের জনসাধারণ’ ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উত্তেজিত জনতা কাছারিবাড়ির ভেতরে ঢুকে অডিটোরিয়ামের দরজা ও জানালায় ভাঙচুর চালায়। এরই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কাছারিবাড়ি অডিটোরিয়ামে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান, অডিটোরিয়ামে ভাঙচুরের ঘটনায় কাস্টোডিয়ান হাবিবুর রহমান সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। একই সঙ্গে বিষয়টি তদন্তে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে প্রতœতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার তদন্ত কমিটির প্রধান শেখ কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button