জাতীয় সংবাদ

পুঠিয়ায় দুই বাড়িতে হামলা-আগুনের ঘটনায় দুই বিএনপির কর্মী গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : রাজশাহীর পুঠিয়া উপজেলার হাতিনাদা গ্রামের দুই বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলেন পুঠিয়ার ভাড়রা গ্রামের মো. সুজন (৩২) ও হাতিনাদা গ্রামের শাহিন আক্তার ওরফে খোকন (৪১)। তাঁরা বিএনপির কর্মী। তাঁদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে সোমবার দুপুরে হাতিনাদা গ্রামে সেনাসদস্য তরিকুল ইসলাম ও মো. আল-আমিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই। তাঁদের মধ্যে তরিকুল ইসলামের বাবা আবদুল হান্নান আওয়ামী লীগের সমর্থক। তাই তাঁর কাছে স্থানীয় বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে তাঁদের অভিযোগ। এ ঘটনায় থানায় মামলা করেন আবদুল হান্নান। ঘটনার পর গত বুধবার উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম এবং বানেশ^র ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য রফিকুল ইসলামকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে রাজশাহী জেলা বিএনপি। পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন জানান, গ্রেপ্তার শাহীন ও সুজনকে গতকাল বৃহস্পতিবার ভোরে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে বেলা ১১টার দিকে আদালতের উদ্দেশে পাঠানো হয়। মামলার প্রধান আসামি রফিকুল ইসলামসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button