জাতীয় সংবাদ

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে হত্যা: মূল হোতা গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনার ‘মূল হোতা’ গোলাম প্রামাণিককে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার গোলাম প্রামাণিক ওই গ্রামের মৃত আবদুর রহমান প্রামাণিকের ছেলে। র‌্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে। র‌্যাব জানায়, একটি হত্যাকা-ের পর পুলিশের ওপর হামলা করে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার সন্দিগ্ধ প্রধান অভিযুক্ত এই গোলাম প্রামাণিক। তাকে গ্রেপ্তার করে বাগমারা থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, গত ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি টাকা ছিনিয়ে নিতে আবদুর রাজ্জাক নামে অপর একজনকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া করে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আমিনুলকে হেফাজতে নিতে চায়। এ সময় প্রায় হাজারখানেক মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। তারা আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাত জন পুলিশ সদস্যও আহত হন। এ ঘটনায় এক হাজার ২০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button