দুই কার্গো এলএনজি আমদানি করবে সরকার

প্রবাহ রিপোর্ট : আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এক কার্গো সিঙ্গাপুর থেকে এবং আরেক কার্গো দক্ষিণ কোরিয়া থেকে আনা হবে। এতে মোট ব্যয় হবে ৯৮৯ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ৩০৫ টাকা। দেশের জ্বালানি চাহিদা মেটাতে আমদানি করা হচ্ছে এই এলএনজি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (৩০-৩১ আগস্ট ২০২৫ সময়ে ৩৭তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন চায় জ্বালানি ও খানিজসম্পদ বিভাগ। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। জানা গেছে, পেট্রোবাংলা থেকে এ এক কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমসিপিএ) স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে ৮টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। দাখিল করা আটটি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটি’র (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনি¤œ দরদাতা প্রতিষ্ঠান গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর-এর কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৯৭ মার্কিন ডলার হিসেবে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এতে মোট ব্যয় হবে ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৩৯৮ টাকা।



