জাতীয় সংবাদ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেলেন ১৮০ পুলিশ সদস্য

প্রবাহ রিপোর্ট : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো গেছেন পুলিশের ১৮০ সদস্য। এরমধ্যে নারী সদস্য রয়েছেন ৭০ জন। গতকাল মঙ্গলবার পৌনে ১টায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্যের একটি ফরমড পুলিশ ইউনিট ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের উদ্দেশে গতকাল মঙ্গলবার ঢাকা ত্যাগ করেন। এই কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ। বিমানবন্দরে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশন্স) মো. রেজাউল করিম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা মিশনগামী শান্তিরক্ষীদের বিদায় জানান। বাংলাদেশ পুলিশের ফরমড পুলিশ ইউনিট (এফপিইউ) ২০০৫ সাল থেকে এবং নারী কন্টিনজেন্ট ২০১১ সাল থেকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয় ১৯৮৯ সালে, নামিবিয়া মিশনে। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ২১৫ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে এফপিইউ মিশনে ১৭৮ জন এবং ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও) ৩৭ জন। বাংলাদেশ পুলিশের ৭৫ জন নারী পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। তন্মধ্যে এফপিইউ মিশনে ৬৮ জন এবং ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও) পদে ৭ জন। বাংলাদেশ পুলিশের ২১ হাজার ৮১৬ জন সদস্য শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছেন। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের ২৪ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অনন্য অবদান বৈশ্বিক পরিম-লে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button