জাতীয় সংবাদ

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনা প্রধান

প্রবাহ রিপোর্ট : চীন সফর শেষে গত বুধবার রাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরেছেন। সফরকালে তিনি পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ) এর স্থল বাহিনীর পলিটিকাল কমিসার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। গত ২২ আগস্ট ২০২৫, সেনাবাহিনী প্রধান পিএলএ এর সদর দপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান পিএলএ এর স্থল বাহিনীর স্থল বাহিনীর পলিটিকাল কমিসার জেনারেল চেন হুই এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এছাড়াও, বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতিতে চীন কর্তৃক প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি আলোচনা করা হয়। গত ২৩ আগস্ট ২০২৫, সেনাবাহিনী প্রধান চীনের নোরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রচলিত নোরিনকো গ্রুপ এর বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামাদির আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণের বিষয়ও উক্ত বৈঠকে আলোচিত হয়। এ ছাড়াও, সেনাবাহিনী প্রধান পিএলএ এর অ্যাকাডেমি অব আর্মড ফোর্সেস এর বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধাদিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন। উল্লেখ্য যে, আন্তর্জাতিক মানের উক্ত একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা কারিগরি প্রশিক্ষণ নিয়ে থাকেন। এছাড়া, সফরকালে সেনাবাহিনী প্রধান বেইজিং ও শিয়াং এ অবস্থিত নোরিনকো গ্রুপ এর বিভিন্ন কারখানা ও গবেষণা কেন্দ্র, চায়না অ্যারোস্পেস লংমার্চ ইন্টারন্যাশনাল কো. লি. এবং অ্যাইশেং ইউএবি ফ্যাক্টরিসহ অন্যান্য আধুনিক অস্ত্র ও গোলা বারুদ তৈরীর কারখানা পরিদর্শন করেন। উল্লেখ্য, গত ২০ আগস্ট ২০২৫ সেনাবাহিনী প্রধান সরকারি সফরে চীন গমন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button