জাতীয় সংবাদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫

প্রবাহ রিপোর্ট : মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একই সময়ে ডিভাইডারের সঙ্গে তিন বাসের ধাক্কা লাগাসহ চার যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ জানায়, সকালে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ফরিদপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ডিভাইডারে উপরে উঠে যায়। একই সময় বাসটি অন্তত ২০ হাত দূরে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের উপরে উঠে যায়। এর কিছুটা পেছনে নড়াইল এক্সপ্রেসের একটি বাস রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা লাগে। এ অবস্থায় সাকুরা পরিবহনের একটি বাস নড়াইল এক্সপ্রেসের বাসটির পেছনে ধাক্কা দেয়। চারটি বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। চারটি বাসের সংঘর্ষের পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালানোর পর যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ। মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনাকবলিত চারটি বাস পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button