জাতীয় সংবাদ

দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশের আশংকা

বিজিবিকে তথ্য দেওয়ার আহ্বান

প্রবাহ রিপোর্ট : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনিষ্ট করার উদ্দেশে কিছু অসাধু চক্র অবৈধ আগ্নেয়াস্ত্রের অনুপ্রবেশ করানোর অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাই দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি। গতকাল সোমবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জানা যায় যে, কিছু অসাধুচক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশ করানোর অপচেষ্টা চালাচ্ছে। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ মাসে বিজিবি ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন ও ১ হাজার ৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করেছে। এতে আরো বলা হয়, সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে মাঠ পর্যায়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম বাড়ানো হয়েছে। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির টোল ফ্রি ০১৭৬৯৬০০৫৫৫ নম্বরে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবার প্রতি অনুরোধ করা যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button