জাতীয় সংবাদ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

প্রবাহ রিপোর্ট ঃ নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্যসচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বহিষ্কৃত সদস্যসচিব কাইয়ুমের গ্রুপে রয়েছেন নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নায়েব আলী। তবে স্থানীয়রা বলছেন, বিএনপির উভয় গ্রুপের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন। নিহত ইদন মিয়া (৫৫) মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের সম্পর্কে প্রাথমিকভাবে বিস্তারিত জানা যায়নি। স্থানীয়রা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর উভয় গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় বিভাজন তৈরি হয় এবং বিভাজন থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে সংঘর্ষে রূপ নেয়। জানা যায়, নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার একই কমিটির সদস্যসচিব আব্দুল কাইয়ুম মিয়া পরস্পর বিরোধে জড়ায়। পাশাপাশি দলীয় কর্মসূচিও তারা পৃথকভাবে পালন করেন। বিরোধের ধারাবাহিকতায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায় এবং অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়। নরসিংদী সদর থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button