জাতীয় সংবাদ

শপথ নিলেন জাকসুর নবনির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা

প্রবাহ রিপোর্ট : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদে নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহম্মদ কামরুল আহসান। শপথ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়া আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপিত হবে। আমরা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থীবান্ধব ও শিক্ষকবান্ধব বিদ্যাপীঠে পরিণত করতে পারবো। তিনি আরও আশা প্রকাশ করেন, দেশের একমাত্র আবাসিক এই বিশ্ববিদ্যালয় অদূর ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে রূপ নেবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, নির্বাচন কমিশনের সদস্যবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত ৯টায়। দুদিন পর শনিবার সন্ধ্যায় ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। তারা জাকসুর ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস) ও দুটি যুগ্ম সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২০টি পদে জয় পেয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button