রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত: সিআইডি

প্রবাহ রিপোর্ট : হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) ৮১ মিলিয়ন বা আট কোটি ১০ লাখ ডলার ‘আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত’ করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। গতকাল রোববার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য জানান। তিনি বলেন, আদালতের মাধ্যমে সিআইডি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসির ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে। বিকেলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে হ্যাকিংয়ের মাধ্যমে ১০১ মিলিয়ন বা ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে যায়। এর মধ্যে ২০ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হয় শ্রীলঙ্কায়, যা পরে ফেরত আনা হয়। আর ৮১ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হয় ফিলিপাইনের মাকাতি শহরে আরসিবিসির একটি শাখায়। প্রায় সাড়ে আট বছর ধরে বিভিন্ন আইনিপ্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার পর সিআইডি এই অর্থ বাজেয়াপ্ত করার তথ্য দিল।



