পটুয়াখালীতে ১৮ মাস পর আওয়ামী লীগের কার্যালয় খুললেন নেতাকর্মীরা

প্রবাহ রিপোর্ট : দীর্ঘ ১৮ মাস পর পটুয়াখালীর দশমিনা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে। এ সময় নেতাকর্মীরা ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দিয়েছেন। এ ঘটনার একটা ভিডিও সামাজিকমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবারসকাল ১১টার দিকে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয় খোলার ভিডিও ফেসবুকে শেয়ার দিয়েছেন। তারা অনেকেই লিখেছেন, নতুন কার্যক্রমে ফিরে আসছি। এর আগে সকাল ৭টার দিকে দশমিনা উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরের তালাবদ্ধ দলীয় কার্যালয় খোলেন উপজেলা যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা। ওই ভিডিওতে দেখা যায়, পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে উপজেলা যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পরে ব্যানার হাতে কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ‘শেখ হাসিনা ফিরে আসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ব্যানারে লেখা রয়েছে, ‘দীর্ঘ ১৮ মাস পর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন’। পরে ব্যানারটি কার্যালয়ের সামনে টাঙিয়ে দেন তারা। দলীয় কার্যালয় খোলার নেতৃত্ব দেন দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার ও ছাত্রলীগের নেতা সোহাগ প্যাদা। দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার জানান, দীর্ঘ ১৮ মাস পরে সকালে দলীয় কার্যালয় খোলা হয়েছে। এ সময় মিলাদ পড়ানো হয়। স্থানীয়রা জানান, একেবারে সকালে কার্যালয় খুলেছেন তারা। সে সময় রাস্তায় মানুষজন ছিল না। এ বিষয়ে জানতে দশমিনা থানার ওসি মো. হাসনাইন পারভেজের ফোনে কল দিয়ে পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে বিক্ষুব্ধ কিছু মানুষ দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালাবদ্ধ করে রাখে। তারপর থেকে বন্ধ ছিল কার্যালয়টি।



