দ্রুত স্থানীয় সরকার নির্বাচন, থাকছে না দলীয় প্রতীক : এলজিইডি প্রতিমন্ত্রী

প্রবাহ রিপোর্ট ঃ আইনি জটিলতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এবারের নির্বাচনে দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীক ব্যবহারের কথা জানিয়েছেন তিনি। বুধবার (২৫ মার্চ) বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন করতে সরকার আন্তরিক। তবে কিছু আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় সময় লাগছে। জাতীয় সংসদে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো পাস হয়ে আইন আকারে কার্যকর হলে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে। তিনি জানান, অন্তর্র্বতীকালীন সরকার সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল করে প্রশাসক নিয়োগের বিধান করেছিল। একই সঙ্গে দলীয় প্রতীক বাদ দিয়ে সাধারণ প্রতীকে নির্বাচনের প্রস্তাব করা হয়। এসব অধ্যাদেশ বর্তমানে সংসদের বিশেষ কমিটিতে রয়েছে। মীর শাহে আলম বলেন, সংসদে অধ্যাদেশগুলো পাস হওয়ার পর আইন মন্ত্রণালয়ের ভ্যাটিং শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেওয়া হবে। এক মাসের মধ্যেই এসব প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত প্রশাসকরাই দায়িত্ব পালন করবেন। ওয়ার্ড কাউন্সিলরদের বিষয়ে প্রস্তাব এলে তা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে প্রতিমন্ত্রী রাজশাহী সিটি কর্পোরেশনে পৌঁছালে কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। সেখানে নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান লিটনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জের শাজাহানপুর এলাকায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু এবং ৮ কোটি টাকার একটি সড়ক ১৫ দিনের মধ্যে চালুর নির্দেশ দেন।



