জাতীয় সংবাদ

ইসরায়েলি হুমকির পরই ইরানজুড়ে যোগাযোগব্যবস্থায় ব্যাপক হামলা

প্রবাহ রিপোর্ট ঃ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দেওয়া চরম হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানজুড়ে শুরু হয়েছে ভয়াবহ হামলা। আইডিএফের পক্ষ থেকে ইরানি নাগরিকদের ১২ ঘণ্টা ট্রেন ও রেলপথ এড়িয়ে চলার নির্দেশ দেওয়ার পরই দেশটির গুরুত্বপূর্ণ রেলপথ ও যোগাযোগ অবকাঠামোগুলো লক্ষ্য করে সিরিজ আক্রমণ চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই হামলা পরিচালনা করছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে, কাশান শহরের একটি রেল সেতুতে হামলার ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, কারাজ শহরে রেললাইনের ওপর সরাসরি বিমান হামলার খবর নিশ্চিত করেছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। সেখান থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করার ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। কোম প্রদেশ: পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশে একাধিক সড়ক সেতু লক্ষ্য করে শক্তিশালী প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তাবরিজ-তেহরান মহাসড়ক: পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ মহাসড়কের একটি বড় অংশ হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহওয়াজ: খুজেস্তান প্রদেশের নিরাপত্তা কর্মকর্তাদের মতে, আহওয়াজ শহরের গুরুত্বপূর্ণ সড়কেও বিমান হামলা চালানো হয়েছে। বন্ধ যান চলাচল: আইআরএনএ-র তথ্য অনুযায়ী, তাবরিজ ও জানজান শহরের মধ্যকার মহাসড়ক এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ক্যারেহ চামান-মিয়ানেহ সড়কটি বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে। ইরানি সংবাদমাধ্যমগুলোর অভিযোগ, এই সামরিক অভিযানের লক্ষ্যবস্তু কেবল যোগাযোগ অবকাঠামোতেই সীমাবদ্ধ নেই, বরং আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলোতেও আঘাত হানা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button