কোচিং সেন্টারের সামনে থেকে অপহরণ : নিজ বুদ্ধিতে রক্ষা পেলো স্কুলছাত্রী

প্রবাহ রিপোর্ট ঃ নওগাঁয় কোচিং সেন্টারের সামনে থেকে তাহরিম তাওবা নামের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পরে ওই স্কুলছাত্রী পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নিলে অপহরণের হাত থেকে রক্ষা পায় সে। ঘটনার পর থেকে শিক্ষার্থীর পরিবার আতঙ্কে দিন পার করছে। ঘটনার পর শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষার্থীটির পরিবার নওগাঁ সদর মডেল থানায় এজাহার দায়ের করেছে। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) শহরের কেডির মোড় এলাকার ‘পাঠশালা স্ট্যাডি কেয়ার একাডেমি’ নামের একটি কোচিং সেন্টারের সামনে থেকে তাহরিম তাওবাকে অপহরণ করে দুর্বৃত্তরা। তাহরিম তাওবা শহরের খাস-নওগাঁ এলাকার মোরশেদুল আলমের মেয়ে। এবং শহরের পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। থানায় এজাহার এবং ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে শহরের কেডির মোড় এলাকার কোচিং সেন্টারে তাহরিম তাওবাকে রেখে আসে তার বাবা। এরপর সকাল নয়টার দিকে মেয়েকে কোচিং থেকে নিতে আসলে মেয়ের খোঁজ পায়নি বাবা। এরপর কোচিংয়ের শিক্ষকদের জিজ্ঞেস করলে তারা জানায় আপনার মেয়ে কলম কেনার জন্য বাইরে গেছে, এরপর আর ফিরে আসেনি। তাহরিম তাওবার বাবা মোরশেদুল আলম বলেন, মেয়েকে কোচিংয়ে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেছি৷ একপর্যায়ে একটি মোবাইল ফোন থেকে জানানো হয় তার মেয়ে শহরের দয়ালের মোড় এলাকার একটি বাসায় রয়েছে। পরে সেখান থেকে তাহরিম তাওবাকে বাসায় নিয়ে আসে তার বাবা। পরবর্তীতে জানতে পারেন একটি মাইক্রোবাসে ওই শিক্ষার্থীকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। এ বিষয়ে শিক্ষার্থী তাহরিম তাওবা বলেন, আমার কলমের কালি শেষ হয়ে যাওয়ায় কলম কিনতে বাইরে আসি। এরপর হঠাৎ করেই আমার সামনে একটি মাইক্রোবাস এসে দাঁড়ায় এবং মাইক্রো থেকে একটি লোক বের হয়ে আছে। খাটো করে মাথায় কিছুটা টাক ছিলো। পিছন দিক থেকে কয়েকজন এসে আমার চোখে রুমাল দিয়ে গাড়িতে তুলে নেয়। পরে যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি পরিত্যক্ত একটি বাড়িতে আমাকে নেওয়া হয়েছে। ওখানে জানালা দরজা কিছুই ছিল না। এ সময় ওই লোকটা ফোনে কথা বলতে বলতে বাসার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিল। এ সুযোগে দৌড়ে পালিয়ে আসি। অনেক দৌড়ানোর পরে একটি বাড়ির গেট খোলা পেয়ে সেই বাড়িতে ঢুকে পড়ি। তাদেরকে আমার বাবার ফোন নম্বর বললে তখন তারা আমার বাবাকে জানায়। এরপর বাবা ওখান থেকে আমাকে বাসায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে পালিয়ে তাহরিম তাওবা দয়ালের মোড়ের যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সে বাড়িটির মালিক মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, বাসা থেকে আমার মেয়ে ফোন করে ঘটনার কথা বলে। এরপর বাড়ি ফিরে দেখি বেডরুমে আমার আম্মা এবং আমার স্ত্রী মেয়েটিকে বেডের ওপর ঘিরে রেখে বসে আছে। মেয়েটি আমাকে দেখে আরও ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটি স্বাভাবিক হয়। তখন তার সঙ্গে কথা বলি। সে আমাদেরকে বলে কয়েকজন মিলে তাকে কোচিং সেন্টারের সামনে থেকে কিডন্যাপ করে একটি মাইক্রোতে উঠিয়ে আনে। মেয়েটিকে তখন তার বাবার নাম জিজ্ঞেস করি সে বলে মোরশেদ। তখন তার কাছ থেকে তার বাবার ফোন নম্বর নিয়ে কল করি। এরপর তার বাবা এসে মেয়েটিকে আমাদের কাছ থেকে নিয়ে যায়। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গতকাল রাতেই বিষয়টি সম্পর্কে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



