হরমুজ পাড়ি দিতে লাগবে অনুমতি : মার্কিন অবরোধ অব্যাহত থাকলে পাল্টা ব্যবস্থা

প্রবাহ রিপোর্ট ঃ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কিছু শর্ত নির্ধারণ করে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা জানিয়েছে, এই পথ দিয়ে পার হওয়ার জন্য এখন থেকে ইরানি সামরিক বাহিনীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, যদি ইরানের বন্দরগুলোর ওপর সামুদ্রিক অবরোধ অব্যাহত থাকে, তবে ইরানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা করেছেন, হরমুজ প্রণালী এখন থেকে বাণিজ্যিক জাহাজের চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। পরে এ নিয়ে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বেসামরিক জাহাজগুলোকে চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট বা পথ ব্যবহার করতে হবে। আর যুদ্ধজাহাজের এই প্রণালী অতিক্রম করার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। বিবৃতিতে বলা হয়, শুধু আইআরজিসির অনুমতি সাপেক্ষে এই চলাচল সম্ভব হবে। এতে তারা আরও যোগ করেছে, যুদ্ধ নিয়ে হওয়া চুক্তি ও লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানিয়েছেন, তাদের নির্ধারিত নির্দিষ্ট রুট দিয়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল করতে দেওয়া হবে। যদি ইরানের বন্দরগুলোর ওপর সামুদ্রিক অবরোধ অব্যাহত থাকে, তবে ইরানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। ইরান হরমুজ প্রণালীর রক্ষক ও প্রয়োজনে তারা নমনীয়তা প্রদর্শন করবে।



