জাতীয় সংবাদ

পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

প্রবাহ রিপোর্ট ঃ আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, যা আগামী ৫ বছরে সমাপ্ত করা হবে। এ বিষয়ে আমরা ডিসিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছি। এছাড়া নদীভাঙ্গন হলে দ্রুত কি ব্যবস্থা নিতে হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন খাল খনন কর্মসূচি বন্ধ ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, তা একটা বিপ্লব ছিল। আজ নতুনভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তা নতুন আঙ্গিকে শুরু করেছেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, খাল হচ্ছে জনগণের সম্পত্তি। খাল যেদিক দিয়ে প্রবাহিত হচ্ছে,সেটা বড় করতে যাওয়ার সময় যদি কোনও দখলদার পড়ে,তাকে সরে যেতে হবে। কেউ ইচ্ছে করলে আবার এসে খাল দখল করতে পারবে না। তারপরেও এমন কিছু ঘটলে ডিসিরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। পানিসম্পদমন্ত্রী আরও বলেন, খালের প্রবাহ ঠিক রেখে আমরা যখন কাজ করতে যাবো, ওর মধ্যে কোনও দোকান পড়লে তা ভেঙ্গে ফেলা হবে, বা মাছের ঘেরাও বানিয়ে যদি খাল আবদ্ধ রাখে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button