হরমুজ প্রণালীতে গোলাগুলি: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘বেপরোয়া’ হামলার অভিযোগ

প্রবাহ রিপোর্ট ঃ পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে ‘বেপরোয়া সামরিক দুঃসাহসিকতা’র অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে বলেন, “যখনই কোনো কূটনৈতিক সমাধানের পথ তৈরি হয়, তখনই যুক্তরাষ্ট্র হঠকারী সামরিক পথ বেছে নেয়। ইরানিরা চাপের মুখে কখনও নতি স্বীকার করে না।” ইরানি সামরিক বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র তাদের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানি ড্রোন ও মিসাইল হামলার জবাবে মার্কিন যুদ্ধজাহাজগুলো ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ নিয়েছে। ট্রাম্প এই হামলাকে একটি ‘লাভ ট্যাপ’ বা সামান্য আঘাত হিসেবে অভিহিত করে দাবি করেছেন যে, দুপক্ষের মধ্যকার যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহ হয়, যা বর্তমানে চরম ঝুঁকির মুখে পড়েছে।



