ইরানের সর্বোচ্চ নেতার নতুন সামরিক নির্দেশনা : শত্রুপক্ষকে কঠোর হুঁশিয়ারি

প্রবাহ রিপোর্ট ঃ ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন সামরিক নির্দেশনা প্রদান করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনী। আঞ্চলিক উত্তেজনা এবং সম্ভাব্য হুমকির মুখে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তিনি এই বিশেষ নির্দেশাবলি দিয়েছেন বলে জানিয়েছে তাসনিম নিউজ। রোববার (১০ মে, ২০২৬) খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহির সাথে এক বৈঠকে এই নির্দেশনাগুলো প্রদান করা হয়। বৈঠকে জেনারেল আবদুল্লাহি ইরানের সেনাবাহিনী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), আইন প্রয়োগকারী সংস্থা এবং বাসিজ স্বেচ্ছাসেবী বাহিনীসহ সামগ্রিক সশস্ত্র বাহিনীর প্রস্তুতির একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করেন। সর্বোচ্চ নেতা মুজতবা খামেনী সামরিক বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির প্রশংসা করে শত্রুপক্ষের যেকোনো অপতৎপরতা রুখে দিতে সজাগ থাকার নির্দেশ দেন। তিনি বিশেষ করে প্রতিকূল শক্তিগুলোর মোকাবেলায় প্রতিরোধমূলক এবং আক্রমণাত্মক কৌশলের ওপর গুরুত্বারোপ করেন। জেনারেল আবদুল্লাহি বৈঠকে আশ্বাস দেন যে, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে যুদ্ধের নৈতিকতা, কৌশলগত পরিকল্পনা এবং অত্যাধুনিক সরঞ্জামের দিক থেকে সর্বোচ্চ স্তরের প্রস্তুতিতে রয়েছে। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমেরিকান এবং ইহুদিবাদী (ইসরায়েলি) শত্রুদের যেকোনো ভুল পদক্ষেপের জবাব হবে অত্যন্ত দ্রুত, শক্তিশালী এবং ধ্বংসাত্মক।” বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতার এই নতুন নির্দেশনা এবং সামরিক কমান্ডারদের সাথে বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ। এটি মূলত বহিঃশত্রুর জন্য একটি কড়া বার্তা যে, ইরান নিজের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করবে না।



