জাতীয় সংবাদ

কুকুরের ধাওয়া খেয়ে বাড়ির উঠানে হরিণ : উদ্ধার করল বনবিভাগ

প্রবাহ রিপোর্ট ঃ বরগুনার পাথরঘাটায় কুকুরের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে লোকালয়ে একটি বাড়ির উঠানে আশ্রয় নিয়েছে মায়াবী হরিণ। পরে খবর পেয়ে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাড়িটির পুকুর পাড় থেকে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। সোমবার (১১ মে) সকাল ৬টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রামের মো. মোস্তফা ফরাজির বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মো. আসাদুল জানান, তিনি ফসলের মাঠে কাজ করার সময় দেখেন কয়েকটি কুকুর একটি হরিণটিকে ধাওয়া করছে। একপর্যায়ে হরিণটি দৌড়ে গিয়ে একটি জালে আটকে পড়ে। পরে স্থানীয়রা হরিণটিকে জাল থেকে মুক্ত করলে হরিণটি দৌড়ে মোস্তফা ফরাজির বাড়ির পুকুর পাড়ে গিয়ে আশ্রয় নেয়। তার ধারণা, পাথরঘাটার কাছাকাছি সুন্দরবন থাকায় হরিণটি বলেশ্বর নদীর ঢেউয়ে লোকালয়ে চলে আসতে পারে। অথবা কোনো চোরাকারবারির কাছ থেকে ছুটে এসেও এটি এলাকায় ঢুকে থাকতে পারে। ওই বাড়ির মালিক মোস্তফা ফরাজি বলেন, হরিণটি কোথা থেকে এসেছে বলতে পারছি না। কুকুরের তাড়া খেয়ে এটি আমার বাড়ির পুকুর পাড়ে এসে আটকে পড়ে। পরে আমি তাৎক্ষণিক বনবিভাগ ও স্থানীয়দের খবর দেই। এরপর বনবিভাগ এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় চরদুয়ানী জ্ঞানপাড়া বিশেষ ক্যাম্পের বিট কর্মকর্তার বিশেষ সহকারী সুরজিৎ চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেছে। বর্তমানে হরিণটি কিছুটা অসুস্থ রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে। তিনি আরও জানান, হরিণটি কোনো চোরাকারবারির মাধ্যমে এলাকায় আনা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং কোনো ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button