নষ্ট ডিম দিয়ে খাদ্যপণ্য তৈরি : জরিমানা ৮০ হাজার টাকা

প্রবাহ রিপোর্ট ঃ বগুড়ায় হ্যাচিং ডিম (অফুটন্ত ডিম) ও নষ্ট ডিম ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে ‘মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১১ মে) সকালে বগুড়া সদর উপজেলার বারোপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। তিনি জানান, বেকারিটিতে কেক, বিস্কুট ও পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে লোকচক্ষুর আড়ালে হ্যাচিং ডিম ব্যবহার করা হচ্ছিল। এছাড়া ভাঙা ও নষ্ট ডিম পলিথিনে ভরে ফ্রিজে সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহারের প্রস্তুতি রাখা হয়েছিল। অভিযানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে ভোক্তাদের প্রতারিত করা হচ্ছিল। এসব অপরাধের প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে বেকারিটির ম্যানেজার মো. পারভেজ বিজয়কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকা-ে জড়িত না থাকার অঙ্গীকার করেন তিনি। অভিযানে জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে। এসময় জব্দ করা হ্যাচিং ডিম ও লিকুইড ডিম জনসম্মুখে ধ্বংস করা হয়। এর আগে রোববার (১০ মে) শহরের চারমাথা এলাকায় অফুটন্ত বা হ্যাচিং ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে ফুলকলি বেকারি নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।



