বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমার নামাজ আদায়

# ইসরায়েলি প্রশাসনের তৈরি করা তীব্র বাধা ও তল্লাশি চৌকি পার হয়ে সকালের মধ্যেই হাজার হাজার মুসল্লি সমবেত #
প্রবাহ রিপোর্ট ঃ ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধ এবং নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে দখলকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে আজ প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ আজ শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। গতকাল ভোর থেকেই দখলিকৃত পশ্চিম তীর এবং গাজার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা অভিমুখে যাত্রা শুরু করেন। ইসরায়েলি প্রশাসনের তৈরি করা তীব্র বাধা ও তল্লাশি চৌকি পার হয়ে সকালের মধ্যেই হাজার হাজার মুসল্লি মসজিদের মূল প্রাঙ্গণ ও এর চারপাশের চত্বরে সমবেত হন। উল্লেখ্য, গত তিন বছর ধরে ইসরায়েল প্রশাসন পশ্চিম তীর এবং গাজা উপত্যকার সাধারণ ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে স্বাধীনভাবে প্রবেশ এবং ইবাদত করার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, মুসলমানদের জন্য অন্যতম পবিত্র এই ধর্মীয় স্থানটিতে প্রবেশাধিকার সীমিত করার মাধ্যমে ইসরায়েল মূলত ফিলিস্তিনিদের চলাচল এবং ধর্মীয় স্বাধীনতার ওপর তাদের নিয়ন্ত্রণ আরও জোরালো করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে সমস্ত বাধা-বিপত্তিকে পেছনে ফেলে আজকের এই বিশাল জমায়েত আবারও প্রমাণ করেছে আল-আকসার প্রতি ফিলিস্তিনিদের গভীর আবেগ ও অবিচল অবস্থান।


