পাবনায় গুলি করে চরমপন্থি সদস্য হত্যার ঘটনায় মামলা

প্রবাহ রিপোর্ট ঃ পাবনা শহরে ছেলেকে মাদরাসায় দিতে গিয়ে গুলিতে চরমপন্থি সদস্য আলী হোসেন হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে আলী হোসেনের স্ত্রী আফসানা খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় মামলাটি দায়ের করেন। এতে ৯ জনকে নামীয় ও বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রেজিনুর রহমান। তিনি জানান, বিকেলের শেষ ভাগে নিহতের স্ত্রী ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। লাশ এখনো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি। দ্রুতই ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ঘটনায় কারা জড়িত ও রহস্য কি, সেটি তদন্তে পুলিশ কাজ করছে। জড়িতদের কয়েকজনের কিছু তথ্য আমরা পেয়েছি। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে। এর আগে গতকাল সোমবার (৮ জুন) সন্ধ্যার দিকে আলী হোসেন তার ছেলেকে পাবনা শহরের জামেয়া আশরাফিয়া মাদরাসায় দিতে এলে মাদরাসার গেটের সামনে রিকশা থেকে নামার সময় ছেলের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলের পাশে থাকা সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে চারজন অল্প বয়সী তরুণ এসে পেছন থেকে আলী হোসেনকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর একটি হত্যা মামলা দায়ের হলো।



