স্পিকার হাফিজ উদ্দিনকে সভাপতি করে সংসদের কার্য উপদেষ্টা কমিটি

প্রবাহ রিপোর্ট ঃ ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে সভাপতি মনোনীত করা হয়েছে। বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বিনা ভোটে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়। অধিবেশনে সংসদের সম্পূরক কার্যসূচি অনুযায়ী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুসরণ করে কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠনপূর্বক মনোনয়ন দেওয়া হয়। স্পিকার অধিবেশনে এই কমিটির সদস্যদের নাম পড়ে শোনান। এ সময় জানানো হয়, এই কমিটি গঠনের জন্য কোনো ভোটের প্রয়োজন নেই। এরপর প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নতুন গঠিত এই কার্য উপদেষ্টা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- সংসদ নেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমান, ঢাকা-১৫ আসনের মো. শফিকুর রহমান, কুমিল্লা-১ আসনের ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, ঠাকুরগাঁও-১ আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার-১ আসনের সালাউদ্দিন আহমেদ। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আরও অন্তর্ভুক্ত হয়েছেন- ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল, বরগুনা-২ আসনের মো. নুরুল ইসলাম মণি, ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান, কুমিল্লা-১১ আসনের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম, ঢাকা-১১ আসনের মো. নাহিদ ইসলাম এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. নওশাদ জমির।



