রামপুরায় শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’ গুলিবিদ্ধ

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকায় এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) দুপুরে পশ্চিম রামপুরার মক্কি মসজিদ রয়েল মিষ্টির দোকানের সামনে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগে থেকেই দুই যুবক সেখানে ওত পেতে ছিলেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তারা পলাশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হন তিনি। ঘটনার পরপর স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করলে তারা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান। পরে স্থানীয়রা পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা গুরুতর। তার মাথায় গুলি লেগেছে বলে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, রামপুরা টিভি সেন্টারের বিপরীতে মক্কি মসজিদের গলির মুখে পলাশ নামে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। তিনি আরও জানান, আহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’ নামে পরিচিত। তিনি দীর্ঘদিন কারাভোগের পর কিছুদিন আগে জেল থেকে মুক্তি পান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় পলাশ চিকিৎসাধীন রয়েছেন।



