আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি : আদ্-দ্বীন কর্তৃপক্ষ
প্রবাহ রিপোর্ট : ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় অবহেলার দায়ে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের নিবন্ধন বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। লাইসেন্স বাতিলের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টে আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। তবে আদ দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, এই রিট দায়েরের সঙ্গে আদ্ দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই।
এর আগে গত ১১ জুন রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালটি আগামী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে।
এতে বলা হয়েছে, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে দ্য মেডিকেল প্রাক্টিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (রেজুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২ এর ১১ (১) ধারা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে আপনার প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিল করা হলো।
বিজ্ঞপ্তিতে একই অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী নিবন্ধন বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
এর আগে এ ঘটনার স্বাস্থ্য অধিদপ্তর থেকে কারণ দর্শানোর নোটিশ দিলে সময় বৃদ্ধির আবেদন জানানো হয়। দুদিন সময় বাড়ানোও হয়। এর মধ্যে ভুক্তভোগী ছয় পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, আজীবন বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারের অন্তত একজনকে চাকরির প্রতিশ্রুতি দেয় আদ্-দ্বীন কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি। প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্তে অটুট থাকে সরকার।
মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি : রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাঁচাতে হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘোরার বিষয়টি অসত্য বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (১৫ জুন) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন হাসপাতালটির নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
তিনি জানান, মন্ত্রীর (স্বাস্থ্যমন্ত্রী) পেছনে আমরা কেন টাকা নিয়ে ঘুরবো। তার পেছনে আমরা টাকা নিয়ে ঘুরেছি এটা তাকেই প্রমাণ করতে হবে।
৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল প্রসঙ্গে গত শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় টাকার প্রতি কোনো লোভ হয় নাই আমার। আমাকে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, পূর্ণ সমর্থন দেবো। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।
হাইকোর্টে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এক আইনজীবীর করা রিটের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবে জড়িত নয় বলেও জানান তিনি।
শিশু মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ঠিক কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনেও সুস্পষ্ট করা হয়নি কী কারণে মারা গেছে। যেসব শিশু মারা গেছে তাদের ময়নাতদন্তও হয়নি।
শেখ মহিউদ্দিন বলেন, তদন্ত প্রতিবেদনে সুস্পষ্ট কারণ না থাকলেও যেসব বিষয়ে বলা হয়েছে তা সংস্কার শুরু হয়েছে। হাসপাতালের জন্য অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনো অক্সাইড যন্ত্র কেনা হয়েছে। আমরা বের করার চেষ্টা করছি যে। শিশু ওয়ার্ড সিলগালা করা হয়েছে, সেটিও ঠিক করতে চাবি চাওয়া হয়েছে। সবমিলিয়ে এক সপ্তাহেই সংস্কার করা যাবে।



