জাতীয় সংবাদ

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

প্রবাহ রিপোর্ট ঃ দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) চাঙ্গা ভাব বজায় রয়েছে। চলতি জুন মাসের প্রথম ১৬ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স (১,৭২৯ মিলিয়ন মার্কিন ডলার)। বাংলাদেশি মুদ্রায় যা ২১ হাজার ২২৩ কোটি ৪৭ লাখ টাকা। বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানিয়েছে । বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুনের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত সময়ে প্রবাসীরা মোট ১৭২ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন। গত বছরের (২০২৫) একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ২০ লাখ ডলার (১,৬৩২ মিলিয়ন মার্কিন ডলার)।
সেই তুলনায় গত বছরের একই সময়ের চেয়ে রেমিট্যান্স প্রবাহে ৫.৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অর্থবছরে সাড়ে ৩৪ বিলিয়ন ডলারের রেকর্ড ঃ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু (জুলাই ২০২৫) থেকে শুরু করে জুনের ১৬ তারিখ পর্যন্ত সময়ে দেশে সর্বমোট ৩ হাজার ৪৪৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (৩৪,৪৮৫ মিলিয়ন মার্কিন ডলার) রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ১৬ জুন ২০২৫) এর পরিমাণ ছিল ২ হাজার ৯১৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (২৯,১৩৮ মিলিয়ন মার্কিন ডলার)। অর্থাৎ, বছর ব্যবধানে চলতি অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স প্রবাহে ১৮.৩ শতাংশের শক্তিশালী প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে। প্রতিবেদনে আরও দেখা যায়, কেবল জুনের ১৬ তারিখ একদিনেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (১০৫ মিলিয়ন মার্কিন ডলার) দেশে পাঠিয়েছেন। খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানামুখী প্রণোদনা, ডলারের বাজারভিত্তিক রেট এবং ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের আস্থা বাড়ার কারণে রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। অর্থবছরের শেষ মাসেও এই ইতিবাচক ধারাবাহিকতা বজায় থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button