জাতীয় সংবাদ

পঞ্চগড়ে হাজিরা দিতে গিয়ে আদালতের বারান্দায় আসামির মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে গিয়ে আদালতের বারান্দায় ময়নুল হক (৫৯) নামে এক আসামির মৃত্যু হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। বুধবার (১৭ জুন) দুপুরে পঞ্চগড় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় ব্রেঞ্চে মৃত অবস্থায় তাকে দেখতে পায় আদালতের লোকজন। জানা গেছে, ময়নুল হক পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বারো আউলিয়া এলাকার বাসিন্দা। আইনজীবী ও পরিবারের সদস্যরা বলছেন, জমির একটি মামলার প্রধান আসামি হিসেবে আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। ময়নুল হকের ভাতিজা ফয়সাল কবির বলেন, আমার চাচার তেমন কোনো অসুখ ছিল না। মামলার তারিখ ছিল আজ। তিনি নিজে মোটরসাইকেল চালিয়ে আদালতে যান। হঠাৎ আমরা খবর পাই তিনি মারা গেছেন। মামলার আইনজীবীর সহকারী আনোয়ারুল ইসলাম বলেন, ময়নুল জমি সংক্রান্ত একটি মামলার হাজিরা দিতে এসেছিলেন। কিন্তু বিচারপতি পরিদর্শনে আসায় আদালত বসেনি। এদিকে তিনি এজলাসের ভেতরে কিছু সময় বসেছিলেন। সেখানে একবার বমি করেন। পরে বাইরে এসে বেঞ্চে বসেন। তিনি কোনো অসুস্থতার কথা বলেননি। স্বাভাবিকভাবে মাথায় হাত দিয়ে শুয়েছিলেন। দীর্ঘ সময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে আমরা কাছে গিয়ে দেখতে পাই তিনি মারা গেছেন। পরে বিষয়টি পুলিশ ও তার পরিবারকে জানানো হয়। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিংহ বলেন, আমরা লাঞ্চে যাওয়ার সময় তাকে ডাকার চেষ্টা করি। পরে অনেক লোকজন এসে কাছে গিয়ে দেখতে পান তিনি মারা গেছেন। কোর্ট ইন্সপেক্টর খান মো. শাহরিয়ার বলেন, তিনি বেঞ্চে শুয়েছিলেন তার কোনো সাড়া শব্দ না পেয়ে আমরা হাসপাতালে পাঠাই। তবে অনেকেই বলছিলেন তিনি এখানেই মারা গেছেন। এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন কুমার বণিক বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কি কারণে মারা গেছেন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে বিস্তারিত বলা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button