বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আধুনিক করা হচ্ছে : সেনাপ্রধান

প্রবাহ রিপোর্ট : সেনাবাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আধুনিক করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি প্যারেড গ্রাউন্ডে ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওয়াকার-উজ-জামান বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে সেনাবাহিনীর আধুনিকায়ন ও প্রশিক্ষণের মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় অফিসার ক্যাডেটদের জন্য আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করতে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক সেনাবাহিনী প্রয়োজন।
এ বছর দীর্ঘমেয়াদী কোর্স শেষে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন ১৯১ জন ক্যাডেট। তাদের মধ্যে ফিলিস্তিন, তানজানিয়াসহ ৪টি দেশের ৭ জন বিদেশিও রয়েছেন। কমিশনপ্রাপ্ত ১৮৪ বাংলাদেশির মধ্যে ১৬৬ জন পুরুষ ও ১৮ জন নারী।
প্যারেড শেষে শ্রেষ্ঠত্ব অর্জন করা ক্যাডেটদের হাতে পদক তুলে দেন জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে নবীন ক্যাডেটদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। নবীন কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন তাদের অভিভাবকরা।
এরপর সেনাপ্রধান ভাটিয়ারিতে দ্বিতীয় ব্যাটালিয়নের উদ্বোধন করেন। এ ছাড়া বিএমএ পার্ক, সিএমএইচসহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন তিনি।



