জাতীয় সংবাদ

গাইবান্ধায় শিবির সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা

প্রবাহ রিপোর্ট : গাইবান্ধার সাঘাটায় স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল্লাহ বারী (৩২) নামে এক শিবির নেতার মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) বিকেলে বোনারপাড়া চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ বারী সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি এবং শিমুলতাইড় গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বদ্বের জেরে স্থানীয় যুবক আশরাফ, বোনারপাড়া যুবদলের সভাপতি মুকুল, পলাশ ও রবিউল নামের যুবকের সাথে রবিবার বিকেলে উপজেলার দক্ষিণ গেটে সাইফুল্লাহ’র কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তারা সাইফুল্লাহকে ধারালো অস্ত্র আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাইফুল্লাহকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আলী বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুলকে দল থেকে বহিষ্কার করা হবে।”
গাইবান্ধা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ফেরদাউস সরকার রুম্মন বলেন, “সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি পদে দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে আমরা মর্মাহত। আমরা দ্রুত এই হত্যাকা-ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার বলেন, “সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে এই হত্যাকা-ের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। নিহতের লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button