সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ : ‘সব উত্তর দেবেন অর্থমন্ত্রী’

প্রবাহ রিপোর্ট ঃ চলমান বাজেট অধিবেশনে স্বাস্থ্য ও স্বরাষ্ট্রসহ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তবে এর জবাবে চিফ হুইপ নূরুল ইসলাম বলেছেন, বাজেট সংক্রান্ত সব বিষয়ে শেষ কথা অর্থমন্ত্রীই বলবেন। সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমরা অনেক নোট করে এখানে আসি। সরকারি দল, বিরোধী দল সকলেই এখানে বক্তব্য দেন। কিন্তু এখানে দেখেন স্বাস্থ্যমন্ত্রী নাই, স্বরাষ্ট্রমন্ত্রী নাই, অনেক মন্ত্রী নাই। মন্ত্রীদের চেয়ার সব খালি। অধিবেশন কক্ষে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে তিনি স্পিকারের সহযোগিতা কামনা করেন। সংসদ সদস্যের এই আপত্তির সঙ্গে একমত পোষণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, অধিবেশনে আমরা মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চাই। অর্থমন্ত্রী অন্তত এখানে আছেন। তবে অন্যান্য মন্ত্রীদেরও অনুরোধ জানাব সংসদ সদস্যদের পক্ষ থেকে। বাজেট সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন, তারা থাকলে আমরা বাধিত হব। স্পিকারের বক্তব্যের পরই ফ্লোর নেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়ে সাফাই গেয়ে তিনি বলেন, অনেকে রাষ্ট্রীয় কাজে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, এটা ঠিক। তবে সংসদে তাদের আসা উচিত, আসলে ভালো হয়। তবে মাননীয় অর্থমন্ত্রী আগাগোড়া এখানে উপস্থিত আছেন। কারণ বাজেট সংক্রান্ত সব বিষয়ে যে কথা বলা হয়, সকল কথার শেষ কথা গিয়ে অর্থমন্ত্রীই বলবেন। চিফ হুইপ আরও বলেন, তিনি (অর্থমন্ত্রী) স্বাস্থ্য খাতেও বলবেন, বিদ্যুৎ খাতের কথাও বলবেন, পুলিশের কথাও বলবেন, আইনের কথাও বলবেন। সব কথাই অর্থমন্ত্রী বলবেন, সে কারণে তিনি প্রেজেন্ট (উপস্থিত) থাকেন। অর্থমন্ত্রী ছাড়াও স্থানীয় সরকার (এলজিআরডি) মন্ত্রী সবসময় সংসদে উপস্থিত থাকেন বলে উল্লেখ করেন চিফ হুইপ। একইসঙ্গে অনুপস্থিত মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, আমি আশা করব অন্যান্য যেসব মন্ত্রী এখানে উপস্থিত থাকেন না, তারা যেন উপস্থিত থাকেন এবং উপভোগ করেন। বিরোধী দল ও সরকারি দলের যেসব সদস্য কথা বলেন, সেগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন।


