জাতীয় সংবাদ

রামগড়ে গোলাগুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

প্রবাহ রিপোর্ট ঃ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) সদস্যদের গোলাগুলি হয়েছে। এতে ইউপিডিএফের এক সদস্য নিহত ও একজন আহত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে খাগড়াছড়ির রামগড় উপজেলার তৈকাথান (প্রেমতলা) নামক এলাকায় এ ঘটনা ঘটে। এসময় এলাকায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা একটি একে-৪৭ উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে খাগড়াছড়ির রামগড় উপজেলার তৈকাথান (প্রেমতলা) নামক এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের একটি দল অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এসময় উভয়পক্ষের গোলাগুলিতে রামগড় মাজারটিলা এলাকার ববিন ত্রিপুরা (৩২) নামে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের এক সদস্য নিহত হয়। আহত অবস্থায় আটক করা হয় এক সন্ত্রাসীকে। এদিকে রামগড়ের ঘটনায় বিবৃতি দিয়ে নিহত যুবককে নিজেদের কর্মী বলে দাবি করেছে ইউপিডিএফ। এছাড়া মংসানু মারমা ওরফে জীবন (২৯) নামে আরেক ইউপিডিএফ সদস্যকে আহত অবস্থায় আটক করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আঞ্চলিক দলটি। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনি প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। অপরদিকে জেলার দীঘিনালার বাবুছড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন ইউপিডিএফ সদস্য সুজন চাকমা (৪৮)। দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button